আরএকে সিরামিকের দুই উৎপাদন লাইন বন্ধ

সংগৃহীত ছবি
গ্যাসের চাপ কম থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস কারখানার একটি উৎপাদন লাইন বন্ধ হয়ে গেছে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে আরও একটি উৎপাদন লাইন। ফলে কারখানাটির চারটি উৎপাদন লাইনের মধ্যে বর্তমানে দুটি চালু রয়েছে। তবে রক্ষণাবেক্ষণ শেষে একটি লাইনে উৎপাদন আবার শুরু করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, তাদের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে গত ২৫ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য উৎপাদন লাইন-২ ও লাইন-৪ বন্ধ রাখা হয়েছিল। ওই সময়ে বাকি দুটি লাইন— লাইন-১ ও লাইন-৩ চালু ছিল। পরে রক্ষণাবেক্ষণ শেষে লাইন-৪-এর কার্যক্রম আবার শুরু হয়েছে।
তবে গ্যাসের চাপ কম থাকায় গত ১৪ অক্টোবর থেকে উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে বর্তমানে কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-১ ও লাইন-৪ চালু রয়েছে। অন্যদিকে, রক্ষণাবেক্ষণের কারণে লাইন-২ এবং গ্যাসের স্বল্প চাপের কারণে লাইন-৩ বন্ধ রয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে বন্ধ থাকা লাইন-২ ও লাইন-৩-এর উৎপাদন আবার চালু করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।



