বিএসইসি চেয়ারম্যান
কমোডিটি মার্কেটের পণ্য সোনা, রুপা ও পাম অয়েল

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের পণ্য হিসেবে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে বাজারে একটি বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে। দেশের অন্যান্য বাজারের পাশাপাশি খুচরা বিনিয়োগকারীরাও এসব মূল্যকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে প্রাথমিক পর্যায়ে পণ্যের বাস্তব সরবরাহের পরিবর্তে নগদ নিষ্পত্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
আজ বৃহস্পতিবার সিএসই আয়োজিত ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: নতুন আর্থিক বাজার কাঠামোর উন্মোচন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
মাসুদ খান বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে ইক্যুইটিনির্ভর। কয়েক বছর আগে বন্ড লেনদেন চালু হলেও সেখানে এখনো সক্রিয় লেনদেন গড়ে ওঠেনি। শুধু শেয়ার নির্ভর বাজার দিয়ে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই বাজারের পরিধি বাড়াতে নতুন আর্থিক পণ্য চালু করা প্রয়োজন। ব্রোকার, পণ্য, লেনদেন ব্যবস্থা ও প্রতিষ্ঠানসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিএসইসি কাজ করছে।
বিএসইসি চেয়ারম্যান বললেন, নতুন বাজারের সফলতার জন্য বিনিয়োগকারীদের সচেতনতা ও প্রশিক্ষণ জরুরি। পাশাপাশি শক্তিশালী মার্কেট মেকার নিশ্চিত করতে হবে, যাতে ক্রেতা-বিক্রেতার মধ্যে ভারসাম্য বজায় থাকে। ডেরিভেটিভস বাজার চালু হলেই রাতারাতি বড় লেনদেন হবে না। ভারতের এমসিএক্সের উল্লেখযোগ্য লেনদেন গড়ে তুলতেও প্রায় এক দশক সময় লেগেছে। তাই এ বাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্য প্রয়োজন। তবে ডেরিভেটিভস মার্কেট চালু হলেই পরদিন থেকে বড় ধরনের লেনদেন শুরু হবে—এমন প্রত্যাশা করা ঠিক হবে না।
প্রাথমিক পর্যায়ে পণ্যের বাস্তব সরবরাহের সুযোগ থাকছে না জানিয়ে তিনি বলেন, বড় পরিমাণে সোনা, রুপা কিংবা পাম অয়েল সরবরাহ করা বেশ চ্যালেঞ্জিং। তাই আপাতত নগদ নিষ্পত্তির মাধ্যমে লেনদেন হবে। বাজারের সক্ষমতা বাড়লে ভবিষ্যতে পণ্যের বাস্তব সরবরাহের সুযোগ চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
নতুন বাজারের সফলতার জন্য বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের শেয়ারবাজারের প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী খুচরা শ্রেণির। তাদের অনেকেরই শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। বন্ড ও ডেরিভেটিভসের মতো জটিল পণ্য সম্পর্কে তাদের শিক্ষিত করতে হবে। একই সঙ্গে ব্রোকারদেরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নতুন বাজারে শুরুতে ক্রেতা থাকলেও বিক্রেতার সংকট দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে লেনদেন সচল রাখতে শক্তিশালী মার্কেট মেকার প্রয়োজন। ডেরিভেটিভস বাজার চালু হলেই রাতারাতি বড় লেনদেন হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। ভারতের এমসিএক্সের উল্লেখযোগ্য লেনদেন গড়ে তুলতেও প্রায় এক দশক সময় লেগেছে। তাই বাংলাদেশের এ বাজারের উন্নয়নেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্য প্রয়োজন।



