৯ মাসে সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৮ কোটি টাকা

সংগৃহীত ছবি
২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪০ শতাংশ। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ কোটি ২ লাখ টাকা বেড়ে ২৭৩ কোটি ৭৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবে ৯ মাসে মুনাফা বাড়লেও বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির মুনাফা কমেছে।
ব্যাংকটির প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা হয়েছিল ১ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫৪ পয়সা।
তবে তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির মুনাফায় ভিন্ন চিত্র দেখা গেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি ৯৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৬২ কোটি ২২ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ৭ কোটি ২৩ লাখ টাকা বা প্রায় ১২ শতাংশ।
একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফাও কমেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫ পয়সা।
অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৬ পয়সা।



