রংপুরে গ্রামীণফোনের নতুন সেন্টার

গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে টেলকো কোম্পানিটি। নগরীর জাহাজ কোম্পানির মোড়ে নতুন এই সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহারে নির্মিত সেন্টারটির অভ্যন্তরীণ সাজসজ্জায় রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির আকর্ষণীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে গ্রাহক গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও অত্যাধুনিক পণ্য এক ছাদের নিচে পাবেন।
সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেছেন, ‘টেলিযোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য মানুষের জীবন সহজ করা। দেশ জুড়ে ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং জিপিশিল্ডের মতো সল্যুশনের মাধ্যমে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।’



