ঢাকায় অ্যাপোলোর আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট অংশ নেন।
অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি প্রাঙ্গণে আয়োজিত এ সিএমইতে বিশেষায়িত অস্ত্রোপচার বিষয়ে চারটি সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মিনিমালি ইনভেসিভ ও রোবোটিক কার্ডিয়াক সার্জারি, লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন, ইউরেথ্রাল স্ট্রিকচার ব্যবস্থাপনা এবং অ্যাওয়েক ক্র্যানিওটমি।
সেশনগুলো পরিচালনা করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা নিজ নিজ ক্ষেত্রে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, নৈতিকতা, সিদ্ধান্ত গ্রহণ এবং অস্ত্রোপচারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজিদ আলম।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন লিভার ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজি ও নিউরোসায়েন্স বিশেষজ্ঞরা।
আয়োজকরা উল্লেখ করেন, এ ধরনের আন্তর্জাতিক সিএমই দেশের চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশি রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দেশে নিশ্চিত করার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড ও অ্যাপোলো হাসপাতালের যৌথ সহযোগিতার মাধ্যমে দেশে আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ চলছে। বর্তমানে অ্যাপোলো হাসপাতাল একাধিক দেশে ৭৬টির বেশি হাসপাতাল ও ৭০০টির বেশি ক্লিনিক পরিচালনা করছে।
অনুষ্ঠানে অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির বিভিন্ন সাফল্যও তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১৩ হাজারের বেশি বহির্বিভাগের রোগীকে সেবা দিয়েছে। এছাড়া ১ হাজার ২০০টির বেশি অন্তঃবিভাগ সেবা এবং ৭৫০টির বেশি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে। সার্জিক্যাল সাইট ইনফেকশনের হার এক শতাংশেরও কম বলে জানানো হয়।






