আর্থিক অন্তর্ভুক্তিতে বাধা দূর করার আহ্বান মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলোর

সংগৃহীত ছবি
প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে শুধু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়। সেবার উচ্চ খরচ, জটিল কাগজপত্র, জামানতের শর্ত এবং গ্রাহকের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আর্থিক সেবার কারণে এখনো অনেক মানুষ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন। এসব প্রতিবন্ধকতা দূর করে আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার আহ্বান জানিয়েছে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো।
আজ বুধবার গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) আয়োজিত ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’ উপলক্ষে প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। ‘ফেসেস অব ইনক্লুশন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের বৈশ্বিক প্রচারাভিযানে অংশ নিয়েছে জোটটির একমাত্র বাংলাদেশি সদস্য ব্র্যাক ব্যাংক।
৪৮টি দেশের ৭৪টি সদস্য প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, আর্থিক সেবা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে মানুষ তা ব্যবহার করতে পারছেন না। জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ৪২ শতাংশ মনে করে, বিদ্যমান আর্থিক সেবাগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়নি। এ ছাড়া ১৪ শতাংশ আস্থার অভাব ও সেবা ব্যবহারে অনীহা এবং ৮ শতাংশ উচ্চ খরচকে আর্থিক অন্তর্ভুক্তির বাধা হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ৩৬ শতাংশ প্রতিষ্ঠান আর্থিক সেবার অভাবকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।
জরিপে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে কাঠামোগত প্রতিবন্ধকতার বিষয়টিও উঠে এসেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ৬২ শতাংশ জামানত ও যোগ্যতার কঠিন শর্তকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া ৩৮ শতাংশ কাগজপত্র ও আইনি পরিচয়পত্রের জটিলতা এবং ২৯ শতাংশ আর্থিক সেবার উচ্চ খরচের কথা জানিয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেছেন, জিএবিভির জরিপে আর্থিক অন্তর্ভুক্তি থেকে মানুষ বাদ পড়ার যেসব কারণ উঠে এসেছে, তার অনেকগুলোই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। সেবার মূল্য, কাগজপত্রের জটিলতা, জামানতের শর্ত এবং গ্রাহকের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আর্থিক সেবা এর মধ্যে অন্যতম।
তিনি আরও বলেছেন, এসব তথ্য আর্থিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা বুঝতে, স্থানীয় বাজারের বাস্তবতায় তা বিশ্লেষণ করতে এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে সহায়তা করবে। সুবিধাবঞ্চিত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর করা প্রয়োজন।
জরিপে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকার অর্থনৈতিক প্রভাবও তুলে ধরা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর এক-তৃতীয়াংশের মতে, এর ফলে মানুষের অর্থনৈতিক ঝুঁকি ও অসহায়ত্ব বাড়ে। এ ছাড়া ১৮ শতাংশ অনানুষ্ঠানিক ও উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা, ১৪ শতাংশ সাশ্রয়ী ঋণের অভাব এবং ১২ শতাংশ মূলধারার অর্থনীতি ও কর্মসংস্থানে সীমিত অংশগ্রহণকে এর প্রভাব হিসেবে চিহ্নিত করেছে। ব্যবসা শুরু ও সম্প্রসারণের বাধা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতার কথা জানিয়েছে ১১ শতাংশ প্রতিষ্ঠান।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করে, আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্নআয়ের ব্যক্তি ও পরিবার। এ ছাড়া অভিবাসী ও শরণার্থী ৪৫ শতাংশ, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী ৪১ শতাংশ, নারী ২৯ শতাংশ এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ২৪ শতাংশ প্রতিষ্ঠানের বিবেচনায় বেশি ক্ষতিগ্রস্ত।
আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গ্রাহকের সঙ্গে সম্পর্কভিত্তিক ব্যাংকিং, চাহিদা অনুযায়ী আর্থিক সেবা তৈরি এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। তাদের ৫২ শতাংশ সম্পর্কভিত্তিক ব্যাংকিং, ৫০ শতাংশ গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আর্থিক পণ্য এবং ৪১ শতাংশ আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক কার্যক্রমকে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেছে।
জিএবিভির নির্বাহী পরিচালক মার্টিন রোনার বলেছেন, কতজন মানুষ আর্থিক ব্যবস্থার আওতায় এলেন, শুধু তা দিয়ে আর্থিক অন্তর্ভুক্তির সাফল্য পরিমাপ করা যায় না। বরং আর্থিক সেবা মানুষের বাস্তব প্রয়োজন কতটা পূরণ করছে, সেটিই গুরুত্বপূর্ণ। এসব সেবা সহজলভ্য, সাশ্রয়ী এবং মানুষের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।
২০০৯ সাল থেকে জিএবিভির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে কাজ করছে। গত ২৫ বছরে ২০ লাখের বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রায় ২ লাখ কোটি টাকা ঋণ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সারা দেশে আনুমানিক ২ কোটি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ব্যাংকটি।



