তিন ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ওয়ালটন

টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছে ওয়ালটন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক (জিসিএনবি) ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওয়ালটন মূলত ‘অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি’, ‘চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ এবং ‘সাসটেইনেবল প্রোডাক্ট ইনোভেশন’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে। চলতি বছর প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস’ও অর্জন করেছিল।





