২৭ অক্টোবর শুরু জাতীয় ফার্নিচার মেলা, থাকছে ছাড়

সংগৃহীত ছবি
দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগামী ২৭ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করবে। ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা। আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) জুড়ে বসবে মেলার স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো টিকিট লাগবে না।
মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ দেশের পরিচিত ফার্নিচার ব্র্যান্ডগুলো অংশ নেবে। আয়োজকেরা জানিয়েছেন, মেলায় শুধু দেশে তৈরি ফার্নিচার প্রদর্শিত হবে, কোনো আমদানিকৃত ফার্নিচার থাকবে না।
মেলা উপলক্ষে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল বলেছেন, এ আয়োজন সম্পূর্ণ দেশীয় ভোক্তাকেন্দ্রিক। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবার নতুন নকশা ও উদ্ভাবন নিয়ে হাজির হবে। নিজেদের সর্বশেষ পণ্য ও নকশা ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি বিক্রি বাড়ানোরও সুযোগ তৈরি হবে এ মেলার মাধ্যমে।
মেলায় শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নিতে পারবে। নিবন্ধন শুরু হবে বেলা ২টায় এবং প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। প্রতিযোগিতায় ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।
২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। পরে সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করা হবে।
মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।



