ভিসাধারী বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকে দেওয়ার নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়
কর্ম অনুমোদনপ্রাপ্ত ক্যাটাগরিতে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল জারি করা পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে এ-থ্রি ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
মূলত বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ করতে হয় এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হয়। সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতাদি গ্রহণের বিষয়ে শর্ত আরোপ করা হয়ে থাকে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও উল্লেখ করেছে, অন্যান্য কর্ম ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদিও ব্যাংকের মাধ্যমে গ্রহণ করার প্রয়োজন হয়ে থাকে।
এ-৩ ক্যাটাগরিসহ অন্যান্য ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকা সাপেক্ষে এবং প্রযোজ্য কেওয়াইসি বিধি পরিপালন করে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়।






