দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে অধিকাংশ ব্যাংক
- বাংলাদেশ এখন আর উন্নয়নের ‘সুপারস্টার’ নয়

সংগৃহীত ছবি
বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ লুটপাটের ফলে ব্যাংকগুলো খেলাপি ঋণের ভারে জর্জরিত। এর বড় অংশই আর ফেরত আসার সম্ভাবনা নেই। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর (অলিগার্ক) হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ও বিপুল ঋণ চলে যাওয়াকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। খবর দ্য ইকোনমিস্টের।
ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। সেখানে বাংলাদেশে এ হার প্রায় ৩৩ শতাংশ। শুধু খেলাপি ঋণই নয়, ব্যাংক খাতের মূলধন পরিস্থিতিও নাজুক। মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত (ক্যাপিটাল-টু-রিস্ক-ওয়েটেড অ্যাসেটস) ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। এতে পুরো ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠেছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাফল্য ও রাজনৈতিক অস্থিরতার বৈপরীত্যকে একসময় ‘বাংলাদেশ প্যারাডক্স’ বলা হতো। স্বাধীনতার সময় চরম দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিকে ‘বাস্কেট কেস’ হিসেবে অভিহিত করা হয়েছিল। অথচ পরে প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বাংলাদেশ। দুর্বল শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মধ্যেও এ সাফল্য এসেছিল। তবে ব্যাংক খাতের বর্তমান সংকট সেই অর্জনকে ঝুঁকিতে ফেলেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের লুটপাটের চিত্র তুলে ধরতে উদ্যোগ নেয়। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তার ভাষায়, ‘ব্যাংক লুটপাটের স্বৈরাচারী পদ্ধতির উত্তরাধিকার— আমরা ঠিক এ বিষয়টিই মোকাবিলা করছি।’
খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোয়। শেখ হাসিনার শাসনামলে এসব ব্যাংকের শীর্ষ পদে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ইসলামী ব্যাংকের ঘটনা বিশেষভাবে আলোচিত। একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত ব্যাংকটি পরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যায়। গোষ্ঠীটির মালিক সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগের অভিযোগ রয়েছে। ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সাইফুল আলম সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে আগের অভিযোগগুলো সাজানো হয়েছিল।
খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পেছনে ব্যাংক খাতের অনিয়মের পাশাপাশি হিসাবের স্বচ্ছতা বৃদ্ধিও একটি কারণ। ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়ছে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে চলতি বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের সরকারের সময়কার ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে কম।
জ্বালানি সংকট, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়তে পারে।
সংকট সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে, যা জিডিপির ১ দশমিক ২ শতাংশের সমান।
নতুন সরকারও এখন পর্যন্ত সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ব্যাংকগুলোর আর্থিক বিবরণী পরিষ্কার করার চেষ্টা করছে। যেসব ভালো সম্পদ বা প্রকল্প সাময়িক সমস্যায় পড়েছে, সেগুলোর ঋণ পরিশোধে প্রয়োজনীয় সময় দেওয়া হবে।
এদিকে ব্যাংক খাতের পুনর্গঠন নিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কাও রয়েছে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটপাটের অভিযোগের পর নতুন রাজনৈতিক শক্তির ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীগুলোও ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফলে ব্যাংক খাতের সংস্কার কতটা স্বাধীন ও স্বচ্ছভাবে হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এক সাবেক সরকারি কর্মকর্তার ভাষায়, ‘মৌলিকভাবে বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।’



