সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেন্টমার্টিনে ছাত্রদলের বাইক শোডাউন

ছবি : ভিডিও থেকে
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সরকার। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতের বালুচরে মোটরসাইকেল শোডাউন করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে সৈকতে চলাচলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাতটি মোটরসাইকেল নিয়ে তাদের সৈকতের বালুচরে চলাচল করতে দেখা যায়।
ভিডিওতে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায় শোডাউনে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, ‘আমাদের কোনো বাইক শোডাউন ছিল না। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য সৈকত দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এটিও যদি নিউজ হয়, তাহলে কিছু করার নেই। এখানে কেউ কেউ বাইক চালাতে জানেন না। এ কারণে সৈকত দিয়ে একটি এলাকায় যাচ্ছিলাম। এ সৈকতে আরও অনেককে মোটরসাইকেল চালাতে দেখা গেছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি জানিয়েছি, যাতে এসব বন্ধ করা হয়। এ বিষয়ে অভিযান চলমান থাকবে।’



