গৌরীপুরে বগি লাইনচ্যুতির ১৭ ঘণ্টা পর সচল রেললাইন

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিন বগি উদ্ধার হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে দুর্ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর আজ বিকালে গৌরীপুর-ভৈরব রুটে চলতে শুরু করেছে ট্রেন।
গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম বললেন, দুর্ঘটনার কারণে দুইটি লাইন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ময়মনসিংহ রেলওয়ে প্রকৌশল বিভাগ (পিআইডব্লিও) এর তত্ত্বাবধানে বিকাল ৪টার পর মেরামত কাজ শেষ করা হয়েছে। এখন লাইনদুটি সচল।
রেলজংশনের ইনার সিগন্যালের পাশে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো আজ সকাল ১১টায় উদ্ধার করা হয়।
ময়মনসিংহ রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম আগামীর সময়কে জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে গতরাতে ট্রেনের পিছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়েছিল। ময়মনসিংহ ও আখাউড়া থেকে আসা দুইটি রিলিফ ট্রেনের সহযোগিতায় আজ কোচ তিনটি উদ্ধার করা হয়েছে।
জামালপুর থেকে গতকাল বুধবার ছেড়ে আসে বিজয় এক্সপ্রেসের ট্রেনটি। গৌরীপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই রাত পৌনে ১১টায় ইনার সিগন্যালের পাশে লাইনচ্যুত হয় এর তিন বগি।
১১টি কোচ ক্রসিং পার হলেও পেছনের তিন কোচ অন্য লাইনে চলে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। রাত ১২টা ২৮ মিনিটে তিন কোচ রেখেই চট্টগ্রামের দিকে যাত্রা করে বিজয় এক্সপ্রেস।




