রংপুরে কোচিং সেন্টারের গ্যারেজে রাখা বাসে আগুন, আতঙ্ক

পুড়ে যাওয়া বাস। ছবি: আগামীর সময়
রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের গ্যারেজে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার ভোররাতে নগরীর পর্যটন মোড়ে কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানালেন, রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়। কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বললেন, গত ২২ বছর ধরে তিনি রংপুর শহরে শিক্ষকতা করছেন। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই দীর্ঘ সময় কাটিয়েছেন। অথচ প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি জানালেন, ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে গ্যারেজে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় নগরীর শান্তিপূর্ণ পরিবেশ নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী বললেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



