সিলেটে অস্ত্রসহ দুই ভারতীয় খাসিয়া আটক

আটক ২ জন
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা ভারতের খাসিয়া সম্প্রদায়ের বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই দুই ব্যক্তি বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে আনারস বাগান নামক এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করা হয়েছে। পরে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



