কসবায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রডবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর নামে একজন নিহত হন। অপরজন আহত হন।
ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



