সোনারগাঁয়ে বাবা-ছেলেসহ তিনজনকে জখম, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা-ছেলেসহ তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আপন ভাইসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অহিদুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে তিনি অভিযোগটি করেন। এর আগে ১২ অক্টোবর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আবদুল হালিম ও তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অহিদুলের বাড়ি যান। এ সময় তারা অহিদুলকে গালাগাল করেন। তার ছেলে আলভী (১৭) প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, আবদুল হালিমের শাবলের আঘাতে আলভীর মাথা ফেটে যায়। ছেলেকে রক্ষা করতে অহিদুল (৩৮) ও তার স্ত্রী আফরিন (৩২) এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ সময় আবদুল হালিমের ছেলে আবু সিদ্দিকের ছুরির আঘাতে অহিদুলের বাঁ চোখের ওপরের অংশ কেটে যায়। আবদুল হালিমের আঘাতে তার বাঁ কানেও জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় অহিদুল ও আলভীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অহিদুলের দাবি, তার বাবা জাবেদ আলীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করায় প্রতিপক্ষের লোকজন তাদের ভয়ভীতি দেখাচ্ছিলেন। এর জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে আবদুল হালিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



