কাজ করছিলেন বৌভাতের ডেকোরেশনের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেলো প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল নামের এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে একটি বাড়িতে বিয়ের বৌভাতের আয়োজন করার সময় ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয় লোকজন জানান, বাদনোহালী গ্রামের রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি জ্ঞান হারান। পরে তাকে সেখান থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দিনাজপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফয়সাল পীরগঞ্জ উপজেলার বোর্ডহাটে শাহ আলম ডেকোরেটরের দোকানে কাজ করতেন। তার বাড়ি উপজেলার নোহালী গ্রামে।
হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার বলেন, 'বৃহস্পতিবার রাতে রুহুল আমীনের ছেলে মামুনের বিয়ে হয়। শুক্রবার তাদের বাড়িতে বৌভাতের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।



