সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে, ছবি : আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ পূজামণ্ডপের ভক্তরা।
পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন। তিনি তখনো সেখানে অবস্থান করছিলেন। তবে এটি তাঁর ব্যক্তিগত নাকি সরকারি সফর, তা তিনি জানেন না।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, উপ-হাইকমিশনার আসার আগমুহূর্ত থেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজামণ্ডপের আশপাশে অবস্থান নেন। তাঁরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত সফরে এসেছেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এটি কোনো সরকারি সফর ছিল না।




