রাজনগরে বিএনপির বিক্ষোভ, নৈরাজ্য সৃষ্টিকারীদের হুঁশিয়ারি

রাজনগরে বিএনপির বিক্ষোভ মিছিল
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে বিএনপির রাজনীতি করা ব্যক্তিদের চিহ্নিত করা হবে। এ ধরনের ব্যক্তিদের আগে ধরা হবে।’
দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজ শুক্রবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
রাজনগর সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে রাজনগর কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম সেলুন বলেন, সংসদ সদস্য এম নাসের রহমানের ডাকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চার ঘণ্টার মধ্যে রাজনগর থেকে নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হবেন। আওয়ামী লীগ অতীতেও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেছে, এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। রাজনগরবাসী এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।
নুরুল ইসলাম সেলুন আরও বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন, যাতে উপজেলায় কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।’
প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে বিএনপির রাজনীতি করা ব্যক্তিদের ‘মীরজাফর’ হিসেবে চিহ্নিত করা হবে। এ ধরনের ব্যক্তিদের আগে ধরা হবে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পেট্রলবোমা মেরে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পারবে না। গত ১৫ বছরে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ অবগত।’ তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।



