মহেশখালীতে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধুর মৃত্যু

নিহত দুই বন্ধু
কক্সবাজারের মহেশখালীতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে এক প্রবাসীসহ নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকার দুর্ঘটনা এটি। মোটরসাইকেলের ধাক্কায় কুকুরটিও মারা গেছে।
নিহতরা হলেন- মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) এবং একই এলাকার আবদুস ছালামের ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ ইকবাল (২৫)। আহতের নাম মোহাম্মদ কাইয়ুম (২৪)। তিনি একই এলাকার দেলোয়ারের ছেলে।
মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে সৌদি প্রবাসী মোহাম্মদ ইকবাল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র ও মাতারবাড়ী সমুদ্রবন্দর প্রকল্প এলাকা ঘুরতে যান। তারা উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা। রাত আড়াইটার দিকে বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তা পার হওয়া একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে যায়। ঘটনাস্থলেই ইকবাল ও তার বন্ধু শাহীন মারা যান। গুরুতর আহত হন তাদের আরেক বন্ধু কাইয়ুম।
আহত কাইয়ুমকে উদ্ধার করে প্রথমে পাশের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে মুঠোফোনে এসআই মোজাহারুল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় কুকুরটিও মারা গেছে। নিহত দুজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।




