পিরোজপুরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালত প্রাঙ্গণের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে দায়িত্ব পালন করছিলেন এক পুলিশ সদস্য। এ সময় তাকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে প্রথম ককটেলটি বিস্ফোরিত হলেও দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। প্রথম ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



