লাকসামে আ.লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৭
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আওয়ামী লীগের তিন নেতা হলেন কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের সুরুজ মিয়া (৭০), নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪) এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বাকি চারজনকে পুলিশ বিদ্যুৎ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



