কুয়াকাটায় কাবাডির লড়াইয়ে মাতল দর্শক

ছবি: আগামীর সময়
খেলাধুলায় ঐক্য গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ।
টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় মাঠের লড়াই উপভোগ করতে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। শেষ পর্যন্ত ৩৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে টিম আন্ধারমানিক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা প্রেস ক্লাব মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় টিম আন্ধারমানিক ও টিম রামনাবাদ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রতিটি রেইড ও ট্যাকেলে দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ৩৫ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করে টিম আন্ধারমানিক।
মহিপুর থানা পুলিশের আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।



