সীমানাপ্রাচীর ডিঙিয়ে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন দিলো দুর্বৃত্তরা

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের উপজেলা কার্যালয়ের ভবনের কলাপসিবল গেটে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া সদরে এ ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানালেন, গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া উপজেলা এরিয়া কার্যালয়ের একই ভবনে ব্যাংকের ঢেমশা শাখার কার্যক্রমও পরিচালিত হয়। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা ওই ভবনে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ব্যাংকের এক কর্মচারীর ঘুম ভেঙে যায়। এ সময় জানালা দিয়ে বাইরে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করেন। তার চিৎকারে অন্য কর্মকর্তা-কর্মচারীরাও জেগে ওঠেন। পরে তারা দ্রুত বাইরে এসে পানি ঢেলে আগুন নেভান।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া উপজেলা এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বললেন, দুর্বৃত্তরা ব্যাংকের সীমানাপ্রাচীর ডিঙিয়ে ভবনের কলাপসিবল গেটের ভেতরে ও বাইরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। আগুনে গেটের পাশের বিদ্যুতের একটি তারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বললেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোতলে করে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে কলাপসিবল গেটে আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



