বরগুনায় বাসের চাপায় পিষ্ট হলেন দুই মোটরসাইকেল আরোহী

ফাইল ছবি
বরগুনার আমতলীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। আহত কিশোরের নাম আছাদুল ইসলাম (১৪)। সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতদের স্বজনরা জানান, সজীব মোটরসাইকেলে করে তার দুই শ্যালক সাইফুল ও আছাদুলকে সঙ্গে নিয়ে আমতলীর শাখারিয়া এলাকা থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘গাজী সম্রাট পরিবহন’-এর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। সাইফুল ও আছাদুলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।
আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন বলেছেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’




