ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশপথগুলোয় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঈদযাত্রার তৃতীয় দিন আজ বুধবারও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে। তবে সমন্বিত ব্যবস্থাপনার কারণে কোথাও বড় ধরনের যানজট হয়নি।
ঈদযাত্রার শেষ ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৮৯ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫০৮টি যানবাহন পার হয়, যা থেকে টোল আদায় হয় ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। এদিন ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।
এর আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পার হয়, টোল আদায় হয় ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পার হয়, টোল আদায় হয় ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। ওই দিন ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
আজ সকাল থেকে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ ছিল বেশি। তবে অতিরিক্ত টোল লেন চালু, মোটরসাইকেলের জন্য পৃথক লেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো, অতিরিক্ত জনবল নিয়োগ এবং বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো মহাসড়কে দায়িত্ব পালন করছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, মহাসড়ক ও গরুর হাট এলাকায় একাধিক টিম কাজ করছে। রেকার প্রস্তুত রাখা হয়েছে, যাতে দুর্ঘটনা বা যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তার ভাষ্য, মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। দীর্ঘ যানজট না থাকায় দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা।







