কারাভোগ করে ভারত থেকে ফিরলেন তিন নারী

বেনাপোল চেকপোস্ট— সংগৃহীত
ভারতে এক বছর কারাভোগের পর তিন বাংলাদেশি কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দালালের মাধ্যমে বিউটি পারলারে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভনে ওই তিনজন পাসপোর্ট ও ভিসা ছাড়াই সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে মুম্বাইয়ের একটি বিউটি পারলারে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। আটকের পর আদালতে হাজির করা হলে তাদের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
ফেরত আসা তিনজন হলেন সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (১৮), নড়াইলের পিরোলী গ্রামের আবদুর রউফ মুন্সির মেয়ে শিল্পী খাতুন (১৯) এবং পাবনার গড়ুড়ি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (১৭)।
ওসি সাইফুর রহমান বললেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এক বছর কারাভোগ শেষে বুধবার রাতে বেনাপোল দিয়ে তারা দেশে ফেরেন। পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিন কিশোরীকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।






