‘আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না’

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত মোটরসাইকেল র্যালি শেষে কথা বলছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
তিনি বলেছেন, ‘যারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে, তাদের সেখানেই থাকতে হবে।’
আজ বুধবার বিকালে ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত মোটরসাইকেল র্যালি শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘গতকাল আমাদের এক ভাই রাজুকে ভাঙ্গায় হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।’
এর আগে বিকাল ৪টার দিকে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে শহরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিল থেকে মোটরসাইকেল র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সিবাজার হয়ে পুনরায় ময়েজ মঞ্জিলে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলান, বিএনপি নেতা তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ ও সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন।



