কালীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে জ্বালানি তেল লুট

ছবি: আগামীর সময়
গাজীপুরের কালীগঞ্জের দুটি বালুর গদিতে হামলা চালিয়েছে একদল দস্যু। হামলার সময় এক ব্যবসায়ীকে মারধর করে টাকা, মোবাইল ফোন, সিসিটিভির ডিভিআর ও জ্বালানি তেল লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে শীতলক্ষ্যা নদীপথে ট্রলার যোগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার দুই বালুর গদিতে হামলা চালায় দস্যুরা।
আহত ব্যবসায়ী নাম মঞ্জুর হোসেন (৬০) সোমবাজার এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের ভগ্নিপতি আওলাদ হোসেন জানিয়েছেন, গভীর রাতে রূপগঞ্জের দিক থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলারে ২০ থেকে ২৫ জনের একটি দস্যুদল ঘটনাস্থলে আসে। তারা প্রথমে মঞ্জুর হোসেনের বালুর গদির পাশে ট্রলার নোঙর করে নিরাপত্তাকর্মী আকবর হোসেনকে বেঁধে ফেলে। পরে তাকে দিয়ে অফিসকক্ষে ঘুমিয়ে থাকা মঞ্জুর হোসেনকে বাইরে ডেকে আনে।
তিনি আরও জানান, দরজা খুলতেই কয়েকজন দস্যু অফিসে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে মঞ্জুর হোসেনকে জিম্মি করে মারধর করে। পরে ক্যাশ বাক্সের চাবি ছিনিয়ে নিয়ে দিন ও রাতের বালু বিক্রির কয়েক লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) লুট করে।
খবর পেয়ে স্থানীয়রা আহত মঞ্জুর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এরপর দস্যুরা নদীতে নোঙর করা একটি আনলোড ড্রেজারে উঠে চার শ্রমিকের হাত-পা বেঁধে ফেলে। সেখান থেকে ড্রামে সংরক্ষিত লাখ টাকার বেশি মূল্যের জ্বালানি তেল ট্রলারে তুলে নিয়ে যায় বলেও জানান তিনি।
একই সময়ে পাশের আরেকটি বালুর গদিতেও হামলা চালানো হয়। সেখানে ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে মারধর করে ২০ থেকে ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও সিসিটিভির ডিভিআর লুট করা হয়। পরে তাকে ট্রলারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে কিছু দূরে গিয়ে তিনি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠে স্থানীয়দের বিষয়টি জানান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দস্যুদের একটি দল ভেতরে লুটপাট চালানোর সময় অন্য সদস্যরা বাইরে পাহারা দিচ্ছিল। তাদের অধিকাংশের মুখে মাস্ক ও মুখোশ ছিল।
ওসি জাকির হোসেন জানিয়েছেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





