একবেলার জন্য রাজকীয় অতিথি ভিক্ষুকরা

ছবি: আগামীর সময়
কেউ জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাতেন, কেউ দিন কাটান অনিশ্চয়তায়। তাদের জন্য শুক্রবারের দুপুরটি ছিল একেবারেই ভিন্ন। সেদিন ঘুরতে হয়নি খাবারের সন্ধানে, কারও কাছে চাইতে হয়নি সাহায্যও। বরং হাতে খাবারের টোকেন নিয়ে হোটেলে হাজির হন তারা। সেখানে অতিথি হিসেবে তাদের জন্য ছিল নানা পদের খাবারের আয়োজন।
এমন ব্যতিক্রমী দিনটি ভিক্ষুকদের উপহার দিলেন গাজীপুরের কালীগঞ্জের মোদাব্বির হাসান মানিক।
শুক্রবার কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ফটকের সামনে স্থানীয় ভিক্ষুকদের হাতে খাবারের টোকেন তুলে দেন মানিক। এটি অনুদান নেওয়ার টোকেন নয়, ছিল দুপুরের খাবার খেতে যাওয়ার আমন্ত্রণ।
মসজিদ থেকে হোটেলের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ। টোকেন হাতে নিয়ে প্রায় অর্ধশত ভিক্ষুক দলবদ্ধভাবে হোটেলে গিয়ে খেয়ে এলেন।
হোটেলের ভেতরে ছিল ব্যতিক্রমী এক পরিবেশ। প্রতিটি টেবিলে চারজন করে বসে খাবার খাচ্ছিলেন অতিথিরা। খাবারের তালিকায় ছিল চিকন চালের সাদা ভাত, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, আলুভর্তা, শুঁটকি ভুনা, গরুর মাংস, ডাল ও সালাদ। ছিল পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। সবাই ইচ্ছামত খেতে পেয়েছেন।
সাধারণত শুক্রবার দুপুরে কালীগঞ্জ শহরের হোটেলগুলোয় ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকে। তবে এদিন এই হোটেলের প্রতিটি টেবিল ছিল পরিপূর্ণ। বাইরে বৃষ্টির আবহাওয়া থাকলেও আমন্ত্রণ পেয়ে কেউ বাদ পড়েননি। কয়েকটি দলে ভাগ হয়ে সবাই এই অ্যাপায়নে অংশ নেন। খাবার শেষে দেখা গেল সবার মুখে তৃপ্তির হাসি।
এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করলেন স্থানীয় পথচারী ইমতিয়াজ আহমেদ, শামীম আহমেদ ও সাদেক মিয়া। তারা বললেন, অসহায়দের জন্য কিছু করা অবশ্যই ভালো। তবে এ আয়োজনের বিশেষত্ব হলো, যারা সাধারণত মানুষের কাছে সাহায্য চান, তাদেরই অতিথি করে খাওয়ানো হচ্ছে। এই উদ্যোগ সামর্থ্যবান মানুষদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
সমাজের অসচ্ছল মানুষের জন্য কিছু করতে চাইলে প্রয়োজন আন্তরিকতা বললেন হোটেল মালিক আল আমিন হোসেন। ‘সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়ানোর মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। এমন আয়োজনের অংশ হতে পেরে সত্যিই অনেক আনন্দিত।’
খাবার খেতে আসা কয়েকজন ভিক্ষুক বলেন, তারা সাধারণত মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিন কাটান। কিন্তু টোকেন দিয়ে দাওয়াত খেয়ে ভিক্ষুকরা বললেন, ‘জীবনে এটি নতুন অভিজ্ঞতা। খাবারের পাশাপাশি এ ধরনের সম্মান কখনো পাইনি।’
যারা মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করেন, তাদের অন্তত একবেলা ভালো খাবার খাওয়ানোর চিন্তা থেকেই এ উদ্যোগ নিয়েছি বললেন আয়োজক মোদাব্বির হাসান মানিক।
তার মতে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন সদিচ্ছা ও মানবিক মনোভাব।
‘সামর্থ্য অনুযায়ী তাদের আপ্যায়ন করতে পেরে গর্বিত। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে’-যোগ করেন মানিক।



