ময়মনসিংহ
‘ভাঙা জানালা দিয়ে ছোড়া দাহ্য পদার্থে’ পুড়ল ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ

আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পরিকল্পিতভাবে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের একটি ভাঙা জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেয়। সকাল ৬টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী চেয়ারম্যানের কার্যালয় খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় তাদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও দেখা গেছে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা জানিয়েছেন, চেয়ারম্যানের কক্ষের পেছনের একটি জানালা সামান্য ভাঙা ছিল। ওই জানালা দিয়েই আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। রাতে পরিষদ পাহারায় তিনজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তার ছোট ভাই রফিকুল ইসলাম রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে পরিষদে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল।
তাদের দাবি, সংসদ নির্বাচনের আগে একই ইউনিয়ন পরিষদের ভেতর থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



