প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে

প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেছেন, কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু।
একটি মহল এই সেতুর কাজটি বন্ধ করে রেখেছেন যাতে করে রূপগঞ্জের উন্নয়ন না হয়। প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার । তিনি চান সারা বাংলাদেশের যেন উন্নয়ন হয়। সেজন্য এই এলাকায় আসা আমাদের। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি এই ব্রিজটি কাজ সম্পন্ন করা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, কমবে সময় ও ব্যয়। পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এবং ঢাকা থেকে রূপগঞ্জে আমরা অল্প সময়ে আসতে পারবো। এখন ঢাকা থেকে সিলেট যাবে এই নগরপাড়ার সেতু ব্যবহার করে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ আরো অনেকে।
পরে প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ তারাবো পৌর অডিটোরিয়ামে উপকার ভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।





