আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ
বরিশাল অফিস

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনায় তার পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই নেতার নাম সৈকত গুহ পিকলু। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ শুক্রবার বিকেলে জানিয়েছেন, তার স্বামী রাজনৈতিক কারণে বাড়িছাড়া। দেবরও একটি মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও পরিবারের শিশুসহ অন্য সদস্যরা থাকেন। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




