জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ

ছবি: ভিডিও থেকে নেওয়া
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকাল আটটার দিকে পৌর ছাত্রলীগের উদ্যোগে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের পেছনে রাজীব পরিবহনের বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনার পর মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘শেখ মুজিবের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’।
মিছিলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজসহ সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন।
জানতে চাইলে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বললেন, ‘সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।’



