সিলেটে ‘টিসল বিডি-মেট্রোপলিটন ইউনিভার্সিটি’ জাতীয় সম্মেলন শুরু

সংগৃহীত ছবি
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক ইংরেজি ভাষা শিক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি প্রসারের লক্ষ্য নিয়ে সিলেটে আজ শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘টিসল বিডি-মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এটি শেষ হবে আগামীকাল শনিবার।
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে যৌথভাবে এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে টিসল সোসাইটি অব বাংলাদেশ (টিসল বিডি) ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এতে অংশ নেবেন সারা দেশের ইংরেজি শিক্ষক, প্রশিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও পেশাজীবীরা।
‘রিইম্যাজিনিং ইএলটি: ইনক্লুসিভ অ্যাপ্রোচেস টু ইংলিশ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থীদের বৈচিত্র্য, বহুভাষিক শ্রেণিকক্ষের বাস্তবতা এবং শিক্ষাব্যবস্থার পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সংগতি রেখে ইংরেজি শিক্ষাদান ও মূল্যায়ন নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন অধিবেশনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা ও পেশাগত পর্যায়ে গবেষণানির্ভর শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষের উদ্ভাবন, শিখনের জন্য মূল্যায়ন এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান কৌশল তুলে ধরা হয়।
আজ শুক্রবার সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে যৌথভাবে আয়োজনটির উদ্বোধন করেন সম্মেলনের সভাপতি ও টিসল বিডির প্রেসিডেন্ট মোহাম্মদ হামিদুল হক, সহসভাপতি ও টেসল বিডির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. সাঈদুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসিম মো. মেজবাহুল হক এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টিচার্স অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজের (আইএটিইএফএল) প্রেসিডেন্ট ক্রিস্টোফার গ্রাহাম।
সম্মেলনের প্রথম দিনে বিদ্যালয় শিক্ষার লক্ষ্য হিসেবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা অর্জনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ। এ দিন অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রম সংস্কার নিয়ে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রথাগত ভাষা পরীক্ষার বাইরে যোগাযোগ দক্ষতা মূল্যায়নের বিষয়ে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন কেমব্রিজ ইংলিশের প্রোডাক্ট ম্যানেজার ইয়ান কলি এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নের উপকরণ নিয়ে আলোচনা করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র একাডেমিক ম্যানেজার ইমরান সাইফুর।
সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর ইংরেজি ভাষা শিক্ষাদান ও মূল্যায়নে সামাজিক ন্যায়বিচার ও শিক্ষাগত বৈষম্য বিষয়ে অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাপানের টোকিওর ওয়াসেদা ইউনিভার্সিটির অধ্যাপক ড. তানিয়া হোসেন। এ ছাড়া প্রাথমিক স্তরে পঠন ও লিখন দক্ষতার পরিবর্তন এবং বৈচিত্র্যময় পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ।
আয়োজনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র একাডেমিক ম্যানেজার ইমরান সাইফুর এবং ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সমরেশ সাহার নেতৃত্বে কর্মশালা অনুষ্ঠিত হবে। অন্তর্ভুক্তিমূলক ইংরেজি ভাষা শিক্ষায় 'অ্যাসেসমেন্ট ফর লার্নিং' (শিখনের জন্য মূল্যায়ন) কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের পর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের পর্দা নামবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করতে এতে সহায়তা দেয় ব্রিটিশ কাউন্সিল ও টেসল বিডির যৌথ বৃত্তি উদ্যোগ। সম্মেলনের বিস্তারিত তথ্য conference.tesolbangladesh.org ওয়েবসাইটে জানা যাবে।



