অবৈধভাবে পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক অভিযানে একটি খননযন্ত্রের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তির নাম আলহাজ্জ শেখ। তিনি পাবনার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার বিকালে উপজেলার দুধরাজপুর ও গুঞ্জনগর গ্রামে এ দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
অন্যদিকে, গুঞ্জনগর গ্রামে অবৈধ মাটি কাটার অভিযোগে পরিচালিত অভিযানে একটি খননযন্ত্রের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
ইউএনও রেজওয়ানা নাহিদ জানালেন, অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।



