নোয়াখালী
যুবককে পিটিয়ে হত্যায় সন্দেহভাজনদের ঘরে ভাঙচুর-আগুন

ছবি: আগামীর সময়
নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচটি বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এলাকার এক যুবককে পিটিয়ে হত্যায় সন্দেহভাজনদের বাড়িতে হামলা চালিয়েছে নিহতের স্বজন ও পরিচিতরা।
আজ রবিবার সকালে পাঁচটি ঘরে হয়েছে হামলা। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জুবায়ের হোসেন রাকিব (২৩)।
তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, কয়েক দিন আগে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে দুইপক্ষের লোকজন পাকমুন্সিরহাট বাজারে জড়ো হয়। রাকিবকে সেখান থেকে চলে যেতে বলা হয়। ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হন তিনি।
স্বজনদের অভিযোগ, পথে পাকমুন্সিরহাট বাজারের কাছে একটি অন্ধকার স্থানে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে রাকিবের ওপর হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে রিমনও মারধরে আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে রবিবার সকালে রাকিবের স্বজন ও তাদের পক্ষের লোকজন সন্দেহভাজনদের বাড়িতে আগুন দেয়।
ওসি মো. শামসুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের জেরে পাঁচটি ঘরে আগুন দেওয়া করা হয়েছে। এর মধ্যে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিব হত্যা ও আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।






