উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত

ছবি: আগামীর সময়
বরিশালের উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন ইউনিক পরিবহনের বাসটি ভাঙচুর করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিদ্দিকুর রহমান সরদার। আহত রাহাত সরদার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিকুর রহমান মারা যান। আহত রাহাতকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
উজিরপুর মডেল থানার ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



