মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি

নাঈম খান
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের একটি রেস্টুরেন্ট থেকে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয় তাকে। মাদারীপুর সদর থানার এসআই সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।’
স্থানীয়রা জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন নাঈম খান। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় তাকে।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে নাঈম খানকে।




