রূপগঞ্জে ৩ মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের আগুনে পুড়ল ২ বাস

আগুনে পুড়ে যাওয়া একটি বাস। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে সড়কে আব্দুর রশিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও বাসের কর্মী মো. আলম জানালেন, বুধবার ভোরের দিকে গোলাকান্দাইলের রশিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাস দুটিতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়।
বাসকর্মী মো. আলমের দাবি, আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু বললেন, উপজেলার গোলাকান্দাইল এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



