চুয়াডাঙ্গা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন রিংকু আক্তার

রিংকু আক্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে পদ ছাড়ার ঘোষণা দেন রিংকু আক্তার।
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আজ থেকে আমি চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে নিজেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিলাম।’
এ সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয় জানিয়ে রিংকু আক্তার বলেন, অনেক ভেবেচিন্তেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থাকতে এবং অসহায় মানুষের জন্য কাজ করতে চান। কোনো পদ-পদবি বা দলীয় পরিচয় ছাড়াই মানুষের কল্যাণে কাজ করাই তার মূল উদ্দেশ্য।
রিংকু আক্তার আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য আলাদা কোনো ব্যানারের প্রয়োজন নেই; প্রয়োজন সৎ ইচ্ছা ও মানবিক মনোভাব। এ সময় নিজের সিদ্ধান্তের প্রতি সবার সম্মান এবং আমৃত্যু মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।




