কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, আগুন

ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুরের পাশাপাশি কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেলা ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেন এবং বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেন। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।



