বগুড়ায় কারাবন্দি সাবেক যুবলীগ নেতার মৃত্যু

সোহরাব হোসেন
গুড়ার ধুনটে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি সোহরাব হোসেন (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মৃত সোহরাব হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের রহম আলী হাজীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট পুলিশ সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠায়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ধুনট থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় (শোন অ্যারেস্ট)। এরপর থেকে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।
বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে কারা কর্তৃপক্ষ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
তবে যুবলীগ নেতা সোহরাবের পরিবারের দাবি, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে। সোহরাবের স্ত্রী রনি খাতুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও কারাগারে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। শেষ মুহূর্তে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসায় অবহেলা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ২০১৮ সালের হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তারের পর থেকে সোহরাব হোসেন কারাবন্দি ছিলেন। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান জানান, সোহরাব হোসেনের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



