আওয়ামী লীগের রাজনীতি এখন সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী

শুক্রবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট বিএনপির বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই। তাদের একমাত্র চর্চা হচ্ছে সন্ত্রাস। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
আজ শুক্রবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেছেন।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসীবাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেছেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেছেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। অগ্নিসন্ত্রাসের প্রকৃত চিত্র এরই মধ্যে দেশ-বিদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে। তবে এ ধরনের নাশকতা চলতে দেওয়া যায় না। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সিলেটের রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের গোপন ও সন্ত্রাসী কর্মকাণ্ডও সেভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেছেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনো রাজপথ ছেড়ে যাননি। দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান অনুযায়ী অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়া-মহল্লা, ইউনিয়ন ও উপজেলাপর্যায়ে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।
সিসিক প্রশাসক আরও বলেছেন, বিএনপি নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
এদিকে শুক্রবার বিকালে নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত নবনির্মিত সড়ক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সড়ক উদ্বোধনকালে মন্ত্রী বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এখানে একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল। অবশেষে সেই প্রয়োজন পূরণ করা সম্ভব হয়েছে। আশা করি, সড়কটি নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেছেন, একটি উন্নত সড়ক নির্মাণের পেছনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এ অবকাঠামো বাস্তবায়ন সম্ভব হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়কের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনায় যাতায়াত সহজ হবে। সড়কটি নির্মাণ ছিল বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। উদ্বোধনের মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
তিনি আরও বলেছেন, সড়কের দুপাশে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ড্রেন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উন্নত স্ল্যাব দিয়ে প্রশস্ত ফুটপাত তৈরি করা হয়েছে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। সড়কটি চালু হওয়ায় এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাতায়াতকারীরা উপকৃত হবেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৬১০ মিটার দীর্ঘ এবং ৮ মিটার প্রশস্ত সড়কটি আরসিসি দিয়ে নির্মাণ করা হয়েছে। সড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়কের দুপাশে ১০৫টি পোল ও সড়কবাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী, সিসিক প্রশাসক ও অন্যান্য অতিথি মোনাজাতে অংশ নেন। পরে তারা সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন।
প্রতিবাদ সমাবেশে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




