জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত সোমবার সংঘটিত ঘটনার অভিযোগে ১৭২ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গাছা থানায় নাশকতার মামলা হয়েছে। এতে ২২ জনের নাম উল্লেখ করা হলেও এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে সংঘটিত ঘটনায় সম্পৃক্ত হিসেবে প্রধান আসামি করা হয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে। মামলার অন্য আসামিরা হলেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উচ্চমান সহকারী আব্দুস সালাম, আব্দুল বাতেন, আফজাল হোসেন, ফারুক পাটোয়ারী, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, মো. ওবায়দুল হক (হুজুর), লিফটম্যান রিপন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্টার মোহা. আজিজুল হক ও সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম।
এজাহারে উল্লেখ করা হয়, পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীরা অযৌক্তিকভাবে বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তি এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করে গত ১৬ নভেম্বর ১১টা হতে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের নিচে বেআইনিভাবে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এ সময় তারা মারমুখী আচরণ করে ক্যাম্পাসে ত্রাস, জনমনে আতঙ্ক এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তাদের এই অযৌক্তিক দাবি বাস্তবায়নের নামে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আরও অভিযোগ আনা হয়, আসামিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের সামনে মিছিল ও সভা-সমাবেশ করে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করাসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রো-ভিসিকে ধাক্কা মেরে আহত করে, হত্যার হুমকি প্রদান করে ক্ষতিকর ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। আসামিদের বেআইনি কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে, প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি হয়।
এর আগে উল্লেখিত বিষয়টি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা বিভাগের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




