গাইবান্ধায় বাণিজ্যমেলা বন্ধের দাবি এনসিপির

ছবি: আগামীর সময়
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে গাইবান্ধায় শুরু হতে যাওয়া বাণিজ্যমেলা বন্ধে আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার গাইবান্ধার ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এনসিপি পৌর কমিটির আয়োজনে এক মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে এবং লোডশেডিংয়ের ফাঁদ তৈরি করে বাণিজ্যমেলা চলতে পারে না।
তারা আরও বলেন, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আড়ালে একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের জন্য এই তথাকথিত বাণিজ্যমেলার আয়োজন করছে। অবিলম্বে মেলার সব আয়োজন বন্ধ না করলে এনসিপি বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এনসিপি পৌর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্যসচিব রাহাত ইবনে শহীদ, এনসিপি নেতা শফিউল আযম, আব্দুর রহমান প্রমুখ।
এ বিষয়ে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বাণিজ্যমেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।








