গাজীপুরে পেট্রোল ও প্রাইভেটকারসহ চিত্রনায়িকা মাহির দেবর আটক

গাজীপুরে পেট্রোল ও প্রাইভেটকারসহ আওয়ামী লীগের এক নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের আরেক সহযোগী পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. নাহিদ সরকার (৩৩) এবং তার সহযোগী মো. আপন (১৮)। এ ঘটনায় মো. মাহিম (১৯) নামের আরেকজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। নাহিদ সরকার মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারের ভাই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাসন থানার পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আসকর আলী পাম্পের সামনে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের হেফাজতে থাকা একটি পানির বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে ওই চালক নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাসন থানার ১৫ নম্বর ওয়ার্ডের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বলে পরিচয় দেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন তাঁরা। এ উদ্দেশ্যে আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে বের হয়েছিলেন। এ কাজে স্থানীয় পলাতক আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশনা ছিল বলেও তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা পেট্রোল ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



