তারাকান্দায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়েছে বিদ্যুতের মিটার
ময়মনসিংহ অফিস

সংগৃহীত ছবি
ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের রামপুর শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরের বিদ্যুতের মিটার পুড়ে গেছে। তবে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে এ ঘটনায় তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাখা ব্যবস্থাপক জয়কুল ইসলাম। এরপর বিষয়টি জানাজানি হয়।
জয়কুল ইসলাম জানান, ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ের বাইরে আগুন দেয়। এতে বিদ্যুতের মিটার ও তার পুড়ে যায়। তবে আগুন কার্যালয়ের ভেতরে ছড়ায়নি।
রাত ৮টার দিকে তিনি জানান, তিনি তখনো কার্যালয়ে অবস্থান করছিলেন। বিদ্যুতের তার ও মিটার মেরামত করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।



