চাঁদপুরে বাবা হত্যার দায়ে যাবজ্জীবন

গ্রাফিকস: আগামীর সময়
চাঁদপুরে বাবা মো. মুছাব্বর গাজীকে (৬০) পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, হোসেন গাজী মাদকের টাকার জন্য সবসময় বাবার সঙ্গে জগড়া বিবাদে লিপ্ত হয়ে মারধর করত। মাদক সেবন থেকে বিরত রাখতে তাকে ঢাকায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করা হয়। ঘটনার দিন ২০১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টায় হঠাৎ তার বাবাকে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে মাথায় দুটি কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। তিনি শয্যা থেকে উঠলে আবারও কোপ দেয়, তখন হাত দিয়ে ঠেকাতে গেলে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় নিহত মুছাব্বর গাজীর বড় ছেলে মো. আলম গাজী (৪২) ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে হত্যা মামলা করেন।






