পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের পুত্রবধূ গত ১২ মে রাতে স্বামীর থেকে আলাদা ঘুমাচ্ছিলেন। জল বসন্তে আক্রান্ত হওয়ায় আলাদা ছিলেন তিনি। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। মামলার পর আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে আটক করে পুলিশ।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেছেন, ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।




